স্পাইওয়্যার সংশ্লিষ্টতায় ৩ দেশের ৪ কোম্পানি নিষিদ্ধ যুক্তরাষ্ট্রে
'যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা পররাষ্ট্র নীতির স্বার্থের পরিপন্থী কার্যকলাপে নিয়োজিত' স্পাইওয়্যার সংশ্লিষ্টতার কারণে ইসরায়েল, রাশিয়া এবং সিঙ্গাপুরের চারটি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন বাণিজ্য বিভাগ।
তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- ইসরায়েলের এনএসও গ্রুপ এবং ক্যান্ডিরু, রাশিয়ার সাইবার সিকিউরিটি ফার্ম পজিটিভ টেকনোলজিস এবং সিঙ্গাপুরের কম্পিউটার সিকিউরিটি ইনিশিয়েটিভ কনসালটেন্সি পিটিই লিমিটেড।
কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলেও এগুলে যেসব দেশে অবস্থিত সেসব দেশ বা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র।
কালো তালিকাভুক্তি বিষয়ে রাশিয়ার পজিটিভ টেকনোলজিস জেনারেল ডিরেক্টর ডেনিস বারানভ একটি ইমেইল মন্তব্যে বলেছেন, ‘আমরা জানি না কী কারণে মার্কিন বাণিজ্য বিভাগ আমাদেরকে ব্ল্যাক লিস্টে যুক্ত করেছে।’
অপরদিকে পজিটিভ টেকনোলজিস বলেছে,‘নতুন নিষেধাজ্ঞার ফলে আমাদের ব্যবসায় প্রভাবিত হবে না।’
তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি সিঙ্গাপুরের কম্পিউটার সিকিউরিটি ইনিশিয়েটিভ কনসালটেন্সি পিটিই লিমিটেড।
প্রসঙ্গত, এর আগে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ এবং ক্যান্ডিরুর বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনের কাছে হ্যাকিং সরঞ্জাম বিক্রির অভিযোগ আনা হয়। তবে এনএসও তখন জানিয়েছিল, এটি শুধুমাত্র আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থার কাছে তাদের পণ্য বিক্রি করে এবং এর অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
অন্যদিকে, চলতি বছর রাশিয়ান নিরাপত্তা সেবাকে সহায়তার কারণে রাশিয়ার পজিটিভ টেকনোলজিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন।